
কক্সবাজারের উখিয়ায় পৃথক অভিযানে ২ লাখ ২০ হাজার পিস ইয়াবা, একটি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তিনজনকে আটক করা হয়েছে। মাদক পাচারে ব্যবহৃত ডুবন্ত কাঠের নৌকাসদৃশ বাহন, প্রায় দুই কিলোমিটার তার, কপিকল, ব্যাটারি ও বৈদ্যুতিক মোটরসহ বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম এ তথ্য জানান।
বিজিবি জানায়, সোমবার রাত সাড়ে ৯টার দিকে পালংখালী বিওপির টহল দল আঞ্জুমানপাড়া এলাকায় অভিযান চালিয়ে বেলাল উদ্দিন (৩৫) ও খোরশেদ আলমকে (২৬) আটক করে। পরে একটি ঘের ও মাচাংঘর তল্লাশি করে অস্ত্র, গুলি ও মাদক পাচারে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
বিজিবির দাবি, ডুবন্ত কাঠের বাহন, বৈদ্যুতিক মোটর, তার ও কপিকলের সাহায্যে নাফ নদী পেরিয়ে খালপথে বাংলাদেশের অভ্যন্তরে ইয়াবা পাচার করা হতো। বাহনটিতে একসঙ্গে প্রায় ৩০ লাখ পিস ইয়াবা পরিবহন সম্ভব বলে জানিয়েছে সংস্থাটি।
এদিকে মঙ্গলবার রাত ৩টার দিকে বালুখালী বিওপির টহল দল সীমান্তসংলগ্ন এলাকা থেকে মো. রকি আহমেদকে (২৬) আটক করে। তার কাছ থেকে দুই লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সময়ে পালংখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকা থেকে মালিকবিহীন আরও ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বিজিবির অধিনায়ক জানান, চলতি বছর উখিয়া ব্যাটালিয়ন প্রায় ১ কোটি ৬৬ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার এবং ২২৮ জনকে আটক করেছে। মাদক চোরাচালান প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে।